নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা শাখা বহস্পতিবার বিকেলে শহরের চৌমুহনা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ও আয়কর আইনজীবী আবু রেজা সিদ্দিকি ইমন এবং সঞ্চালনা করেন যুবনেতা অ্যাডভোকেট আবুল হায়দার মো. তরিক। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহরলাল দত্ত, যুবনেতা অ্যাডভোকেট সুকান্ত নন্দী এবং ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্ত।বক্তারা অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘অসম’ বাণিজ্য চুক্তি করেছে, যা দেশের স্বার্থের পরিপন্থী। তাদের দাবি, এ ধরনের চুক্তি দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বাধীনতার জন্য হুমকি হতে পারে।তারা আরও বলেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির অজুহাতে তেল আমদানির ক্ষেত্রেও বিদেশি নির্ভরতা বাড়ছে, যা উদ্বেগজনক। সমাবেশ থেকে অবিলম্বে ওই চুক্তি বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment